জিয়ারত করতে গিয়ে দেখেন বাবার কবরের চিহ্নও নেই, কান্না থামছে না জাকির হোসেনের
‘কবরটা ভাঙনের পর বুকের মইধ্যে যেন পাথর চাপি বসছে। এখন আব্বার কবরের চিহ্ন আর নাই। এই জীবনে আর আব্বার কবরে যাই জিয়ারতের সুযোগ থাইকল না।’
নুরুল আনোয়ারঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:৩০
প্রতি শুক্রবার জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করতেন জাকির হোসেন (৬২)। এ ছাড়া কোনো উপলক্ষে কিংবা বাবাকে মনে পড়লেই তিনি বাবার কবরের সামনে যেতেন। তবে এটি আর এখন সম্ভব নয়। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি গিয়ে দেখেন, বাবার কবরের চিহ্নটুকুও নেই। ভাঙনে সাগরে বিলীন হয়ে গেছে কবর। এর পর থেকেই কান্না যেন থামছে না জাকির হোসেনের।জাকির হোসেন চট্টগ্রামের সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের বাসিন্দা। ২০১২ সালে তাঁর বাবা মো. আলাউদ্দিনের মৃত্যু হয়।
জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুকের ভিতরটা মোচড় দি (দিয়ে) উডে (ওঠে)। চার বছর আগে সাগরে বাড়ি হারাইছি। কিন্তু আঁত্তুন (আমার কাছে) এত খারাপ লাগে ন। আব্বার কবরটা ভাঙনের পর বুকের মইধ্যে যেন পাথর চাপি বসছে। এখন আব্বার কবরের চিহ্ন আর নাই। এই জীবনে আর আব্বার কবরে যাই জিয়ারতের সুযোগ থাইকল না।’
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/2oui6c1lv7





