
বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্তের নির্দেশ
আজ সকালে তদন্তের নির্দেশ জারি করেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বুধবার বিকেলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:১২
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনা তদন্তে নেমেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়। পরে আজ বুধবার সকালে তদন্তের নির্দেশ জারি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেছে, মারামারিতে জড়ানো দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাঁরা মারামারিতে জড়ান।দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা তদন্তে আজ দুপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বিদ্যালয়টিতে যান।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/urp99xmwn9





