
প্রেমের টানে জামালপুরের গ্রামে ফিনল্যান্ডের যুবক, করলেন বিয়ে
নিজেকে ফিনল্যান্ডের নাগরিক দাবি করা এক যুবকের সঙ্গে জামালপুরের সরিষাবাড়ীর এক নারীর বিয়ে হয়েছে।
প্রতিনিধিঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:৫৬
এক আত্মীয়ের মাধ্যমে মুঠোফোনে পরিচয়। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরের সরিষাবাড়ীতে ছুটে এসেছেন সিমোলা মিকা নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে মিকাইল নামে বিয়ে করেন শান্তিনা জাহান ওরফে সিমিকে (২৮)। কনের পরিবার বলছে, দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী তাঁদের বিয়ে হয়েছে।প্রায় দুই সপ্তাহ স্বামী-স্ত্রী হিসেবে মিকাইল–শান্তিনা বসবাস করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় শান্তিনার প্রথম স্বামী মারা যান। পরে তিন বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি। সেই সন্তানের বয়স এখন পাঁচ বছর। সম্প্রতি ফিনল্যান্ডে বসবাসরত শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁরা নিয়মিত মুঠোফোনে কথা বলতেন। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বেড়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি দুই পরিবারকে জানালে তাঁরাও সম্মতি দেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/7vfdowsh8i





