
একই বাইক চলবে শহর বা পাহাড়ে
দেখতে বেশ বড়সড় এই মোটরবাইকে রয়েছে প্রশস্ত আসন, সুনিয়ন্ত্রিত হ্যান্ডেল বার এবং ডিজিটাল স্পিড মিটার—যা ব্লুটুথ সংযোগের মাধ্যমে নেভিগেশন দেখাতে পারে। চালকের হাত নিরাপদে রাখতে হ্যান্ডেল বারে রয়েছে নাকল কভারস।
এস এম আলাউদ্দিন আল আজাদঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৮:০০
যানজটে শহরের রাস্তা অথবা আঁকাবাঁকা বন্ধুর পথে পাহাড়ের রাস্তা ধরে মহাসড়ক ঘুরে আসার জন্য অ্যাডভেঞ্চার বাইকের আলাদা কদর রয়েছে। এসব বাইকে সাধারণত বড় আকারের অফরোড টায়ার থাকে। তবে অফরোড টায়ারের জায়গায় দ্বৈত সুবিধাসম্পন্ন টায়ার হলে যেকোনো রাস্তা মোটর সাইকেলে পাড়ি দিতে মেলে বাড়তি স্বাচ্ছন্দ্য। ১৯ ইঞ্চি সাইজের টায়ারসমৃদ্ধ নতুন একটি রাগেড অ্যাডভেঞ্চার ট্যুরার বা এডিভি বাইক নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। বাইকটির মডেল সুজুকি ভিস্ট্রম এসএক্স ২৫০।
দেখতে বেশ বড়সড় এই মোটরবাইকে রয়েছে প্রশস্ত আসন, সুনিয়ন্ত্রিত হ্যান্ডেল বার এবং ডিজিটাল স্পিডমিটার, যা ব্লুটুথ সংযোগের মাধ্যমে নেভিগেশন দেখাতে পারে। চালকের হাত নিরাপদে রাখতে হ্যান্ডেল বারে রয়েছে বিশেষ হাতমোজা (নাকল কভারস)। কিংবদন্তি ডিআর-জেড রেসার এবং ডিআর-বিগ অফ রোড মডেলের আদলে ভিস্ট্রম বাইকটিকে নতুন করে নকশা করা হয়েছে। এলইডি হেডলাইট এবং টেইল লাইটের কারণে গভীর অন্ধকারেও নির্বিঘ্নে পথ চলা যাবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/technology/automobiles/5jvtloty2h





