উপদেষ্টা পরিষদ নিয়ে জামায়াতে আলোচনা, থাকতে পারেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা
সাংগঠনিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত নন; কিন্তু জামায়াতের রাজনীতির প্রতি সমর্থন ও অভিজ্ঞতা রয়েছে—এমন ব্যক্তিদের পরামর্শ কাজে লাগাতে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।
আব্দুল্লাহ আল জোবায়েরঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৩৬
সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত না থেকে বিভিন্নভাবে পরামর্শ ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন—এমন ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে দলটি। নীতিগত বিভিন্ন বিষয়ে জামায়াতকে পরামর্শ দেওয়াই হবে এই পরিষদের মূল কাজ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।জামায়াতসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদ গঠনের আলোচনা শুরু হয়। জাতীয় সংসদ নির্বাচনের পরে এই পরিষদ গঠনের আলোচনা গতি পায়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রথম আলোকে বলেন, উপদেষ্টা পরিষদ গঠনে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুরার বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পরবর্তী মজলিশে শুরার বৈঠকে উপদেষ্টা পরিষদ গঠনের এজেন্ডা উঠবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। তিনি বৈঠকে এজেন্ডা তুললে শুরার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/politics/5szz723nqc


