
আরামকোর দপ্তরে হুতিদের হামলা, তেলের দাম বেড়ে প্রায় ১০৭ ডলার
আজ বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রয়টার্সঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:২৪
আজ বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর এক প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এসব কারণে তেলের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। দামও বেড়েছে।
আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে ওঠে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্ট হয়েছে। এর আগের দিন মঙ্গলবার ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমলেও ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল শূন্য দশমিক ৪ শতাংশ।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/business/world-business/6d1udyfqmb



