
যেখানে উপভোগ করা যাবে মেঘনার সৌন্দর্য, নেওয়া যাবে নদীর তাজা ইলিশের স্বাদ
‘কত যে ধীরে বহে মেঘনা/ শান্ত তবু সুপ্ত সে নয়।’ হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী এই গান মনে পড়বে ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণে’ দাঁড়িয়ে মেঘনার দিকে তাকালে।
এ বি এম রিপনঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:০০
‘কত যে ধীরে বহে মেঘনা/ শান্ত তবু সুপ্ত সে নয়।’ হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী এই গান মনে পড়বে ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণে’ দাঁড়িয়ে মেঘনার দিকে তাকালে। মেঘনার শান্ত, গভীর রূপ আর উদ্দাম হাওয়ায় মন জুড়িয়ে যাবে। এই ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ আসলে একটি পার্ক। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্রতীরের ‘শিল্পাচার্য জয়নুল উদ্যানের’ মতো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণেও’ নদীর রূপ দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে এখানে এলে বাড়তি পাওনা হিসেবে জুটে যেতে পারে মেঘনার তাজা ইলিশের স্বাদ।
ছোট পরিসরের এই পার্কে রয়েছে হাঁটার জন্য ওয়াকওয়ে, বসার বেঞ্চ ও শিশুদের জন্য দোলনা। পার্কের ভেতরে থাকা একটি বটগাছও বিশেষভাবে নজর কাড়ে। গাছটির গোড়া পাথর দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ আর মেঘনা নদীর নৈসর্গিক সৌন্দর্য মিলিয়ে পার্কটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের অবসর কাটানোর আকর্ষণীয় জায়গা।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/6up4buqsmi





