
শিস দিয়ে ‘ময়না’ ডাকলেই হুরায়রার হাতে এসে বসে পায়রাগুলো
স্যাটিনেট জাতের পায়রা স্বভাবতই শান্ত ও পোষমানা প্রকৃতির। আলাদা প্রশিক্ষণের দরকার হয় না। যত্ন, স্নেহ আর ভালোবাসা পেলেই এরা মানুষের কথা বুঝতে শেখে।
মনিরুল ইসলামঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:০০
মুখে বিশেষ সুরে শিস দিয়ে ‘ময়না’ বলে ডাক দিতেই উড়ে আসে চারটি পায়রা। কোনোটি বসে হাতে, কোনোটি ঘাড়ে, কোনোটি আবার মাথায়। যে ডাকে, শুধু তার শরীরেই নয়, আশপাশে জড়ো হওয়া শিশু-কিশোরদের হাতেও নির্ভয়ে আশ্রয় নেয় পাখিগুলো। যশোর শহরের পৌর পার্কে গত সোমবার দুপুরে দেখা গেল এমন এক দৃশ্য।এই পায়রাপ্রেমী তরুণের নাম আবু হুরায়রা (২০)। তিনি শহরের আশ্রম রোড এলাকার বাসিন্দা। বাবার মোটরগাড়ির ইঞ্জিন অয়েল ব্যবসায় সহযোগিতা করেন তিনি।
প্রায় দুই বছর আগে পাঁচ হাজার টাকায় ‘স্যাটিনেট’ জাতের এক জোড়া পায়রা কিনে লালন-পালন শুরু করেন হুরায়রা। পরে আরও চার হাজার টাকা খরচ করে একই জাতের দুটি ছানা সংগ্রহ করেন। এখন এই চার পায়রা নিয়েই তিনি শহরের নানা জায়গায় ঘুরে বেড়ান।পৌর পার্কে বেড়াতে আসা প্রিপারেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজুল ইসলাম, অর্পণ দাস, শাহান নূরসহ অনেকেই হুরায়রার কাছে ভিড় জমায়। পায়রাগুলো নিজেদের হাতে-ঘাড়ে বসিয়ে ছবি তোলায় মেতে ওঠে তারা।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/79ql674q6f





