পুরান ঢাকায় চম্পা বিবির সমাধি, শায়েস্তা খানের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল
পুরান ঢাকার সরু একটি গলি। দুই পাশে সারি সারি দোকান। একটি দোকানের আড়ালে লুকিয়ে আছে সাড়ে তিন শ বছরের পুরোনো এক সমাধিসৌধ। লোহার গ্রিলের দরজায় তালা। গম্বুজের গায়ে শেওলা, চারপাশে লতাগুল্ম। ভেতরে সাদা গিলাফে ঢাকা একটি কবর। এই সমাধি চম্পা বিবির।
আশীষ উর রহমানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:০০
পুরান ঢাকার সরু একটি গলি। দুই পাশে সারি সারি দোকান। একটি দোকানের আড়ালে লুকিয়ে আছে সাড়ে তিন শ বছরের পুরোনো এক সমাধিসৌধ। লোহার গ্রিলের দরজায় তালা। গম্বুজের গায়ে শেওলা, চারপাশে লতাগুল্ম। ভেতরে সাদা গিলাফে ঢাকা একটি কবর। এই সমাধি চম্পা বিবির। কে ছিলেন তিনি, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যেই মতভেদ আছে। অথচ তাঁর নামেই পুরান ঢাকার সোয়ারীঘাটের পাশ থেকে চকবাজারের কাছাকাছি বিস্তীর্ণ একটি এলাকার নাম হয়েছে চম্পাতলী।
চম্পা বিবির পরিচয় নিয়ে যত জটিল রহস্যই থাকুক, তাঁর সমাধি খুঁজে পাওয়া অতটা জটিল নয়। বুড়িগঙ্গার তীরের অদূরে ঢাকার অতি বিখ্যাত ও ততোধিক দুর্দশাগ্রস্ত মোগল স্থাপনা ছোট কাটরার প্রথম ফটকের কাছেই চম্পা বিবির সমাধি। অবশ্য তাঁর সমাধির অবস্থাও খুব সুবিধার নয়। ছোট কাটরার সঙ্গে তুলনা করলে চম্পা বিবির সমাধিসৌধের হাল এখনো বেশ ভালো বলেই কবুল করতে হয়। যদিও এর গম্বুজ ছেয়ে গেছে শেওলায়, আর চারপাশ দিয়ে গজিয়ে ওঠা লতাগুল্মের পরাক্রমে স্থাপত্যশৈলী চোখে দেখার উপায় নেই।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/92qvwu27gc



