
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী
ফ্লাইটগুলোর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৩৬টি। ট্রানজিট ফ্লাইট ৫০টি।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:২১
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে দেশটির বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ৮৬টি ফ্লাইটে প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে।ফ্লাইটগুলোর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ৩৬টি। ট্রানজিট ফ্লাইট ৫০টি। এ কারণে এখন পর্যন্ত এসব ফ্লাইটের ১৩ হাজার ৪৯০ জন যাত্রীর ভোগান্তি শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
আজ বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি ও রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/bp4sqnm0y3



