
সূর্যালোকে কি ভিটামিন ডি থাকে
ভিটামিন ডি নিয়ে একটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন, সূর্যের আলোয় ভিটামিন ডি থাকে। ইদানীং এ ভুল ধারণার সঙ্গে তথাকথিত গবেষণার নামে আয়ুর্বেদবিদ এবং পুষ্টিবিদদের কেউ কেউ আরেকটা ভুল ধারণার প্রবর্তন করছেন।
সজল আশফাকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৭:০০
ভিটামিন ডি নিয়ে একটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন, সূর্যের আলোয় ভিটামিন ডি থাকে। ইদানীং এ ভুল ধারণার সঙ্গে তথাকথিত গবেষণার নামে আয়ুর্বেদবিদ এবং পুষ্টিবিদদের কেউ কেউ আরেকটা ভুল ধারণার প্রবর্তন করছেন। সেটি হলো, পানি কয়েক ঘণ্টা সূর্যের আলোয় রেখে দিলে তাতে সূর্যের আলো থেকে ভিটামিন ডি এসে মেশে। সেই পানি পানে দেহের ভিটামিন ডির চাহিদা পূরণও নাকি সম্ভব! আসলে ভিটামিন ডি নিয়ে এ দুটি ধারণার কোনোটাই সত্য নয়।কারণ, সূর্যের আলোয় ভিটামিন ডি থাকে না।
সূর্যের আলোয় ভিটামিন ডি না থাকলেও ভিটামিন ডি তৈরিতে সূর্যরশ্মির ভূমিকা আছে। আর এ কারণে এমন ভুল ধারণার উৎপত্তি।ত্বকের উপরিভাগের স্তরের (এপিডার্মিস, যার পুরুত্ব ০.০৮-০.৬ মিমি) ভেতরে থাকে সেভেন ডিহাইড্রোকোলেস্টেরল। সূর্যের অতিবেগুনি রশ্মি বি (UVB) এ সেভেন ডিহাইড্রোকোলেস্টেরলকে ভিটামিন ডির পূর্বকণা কোলিক্যালসিফেরলে রূপান্তর করে। এটি ভিটামিন ডি৩ (ডি থ্রি) নামেও পরিচিত।
সূত্র: প্রথম আলো — https://www.bigganchinta.com/biology/xgeb7yv1mq





