
সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
দখলমুক্ত করার পর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতটি নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দেয়ালচিত্রে যুক্ত হয়েছে আরও তিন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৪:৩০
রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত হয়েছে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ফুটপাতটির সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দেয়ালে এই তিন গুণী ব্যক্তির ছবি আঁকা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই ফুটপাতের দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। নতুন তিনটি প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেয়ালজুড়ে বরেণ্য ব্যক্তিদের সংখ্যা আরও বাড়ল। তবে তালিকা থেকে সাংবাদিক ও গায়ক সঞ্জীব চৌধুরীর ছবি বাদ পড়েছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/capital/8n1d6ue57e





