
সাড়ে ৩৭ ঘণ্টা পর নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজা মার্কেটের আগুন সাড়ে ৩৭ ঘণ্টা পর আজ বুধবার ভোরে পুরোপুরি নেভানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:৫৭
পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজা মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে প্রায় সাড়ে ৩৭ ঘণ্টা লেগেছে। গত সোমবার বিকেলে লাগা এ আগুন আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।আজ সকালে এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, গত সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, ভবনটির ষষ্ঠ ও সপ্তম তলার গুদামে আগুন লাগে। এর মধ্যে ষষ্ঠ তলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সেখানে থাকা ১২ থেকে ১৪টি বড় গুদামের সাত থেকে আটটিতে আগুন লাগে। গুদামগুলোতে ছাতা, প্রসাধনসামগ্রী, আতরসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।কাজী নজমুজ্জামান বলেন, গুদামের মালামাল সরানোর সময় মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছিল। এসব মালামালে পানি দিয়ে আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছিল।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/capital/tuenf0onq2





