
কলকাতার কলোনিতে পানি–বিদ্যুৎ বিচ্ছিন্ন দুই মাসের বেশি, জাতিসংঘে চিঠি লিখলেন তৃণমূল নেতা
চিঠিটিতে সমীরুল বলেন, মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদল হলে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদদাতাঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:৫৫
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের হেনস্তার অভিযোগ তুলে জাতিসংঘকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী) রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম। সম্প্রতি উত্তর কলকাতার জ্যোতিনগর কলোনিতে পানি সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনার বিষয়টির পরিপ্রেক্ষিতে এই চিঠি লিখেছেন সমীরুল।একই সঙ্গে জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ ঘিরে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে, যা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার মঞ্চ পর্যন্ত গড়িয়েছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ দাবি করে বিস্তারিত চিঠি পাঠিয়েছেন।চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ পোস্ট করে সমীরুল অভিযোগ করেছেন, মে মাসে রাজ্যে ক্ষমতার পালাবদল হলে রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/world/india/vdgq5ariuv




